আমানত ভাটায় শরিয়াহ ব্যাংক?

আমানত ভাটায় শরিয়াহ ব্যাংক?

দেশে গত এক বছরের বেশি সময় ধরে চলমান উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ব্যয় বেড়েছে। এরফলে সঞ্চয়ের পরিমাণ কমেছে।এতে ব্যাংকে আমানতের পরিমাণ কমে গেছে। এ ছাড়া ব্যাংকগুলোর আমানতের সুদহার মূল্যস্ফীতির চেয়ে কম। ব্যাংকের আমানতে এসবের প্রভাব পড়েছে। এছাড়া বাংলাদেশের শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোতে তারল্যসংকট দীর্ঘস্থায়ী হচ্ছে বলে জানিয়েছে মুডিস ইনভেস্টর সার্ভিস।

সম্প্রতি মুডিস ইনভেস্টর সার্ভিস বাংলাদেশ ব্যাংকের তথ্য উদ্ধৃত করে ইসলামি ধারার ব্যাংকগুলোয় তারল্যসংকট দীর্ঘস্থায়ী হওয়ার তথ্য দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গ্রাহকদের আমানতের পরিমাণ কমে যাওয়া এবং বাংলাদেশ ব্যাংকের দেওয়া অধিকাংশ সহায়তামূলক ব্যবস্থা ঠিকঠাক কাজে লাগাতে না পারার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
এতে আরও বলা হয়, তারল্য ঘাটতির প্রভাব ব্যাংকগুলোর ঋণমানেও পড়তে পারে। এতে দেশের ইসলামি ধারার ব্যাংকগুলো স্বল্পমেয়াদি দায় মেটাতে সমস্যায় পড়তে পারে।

ঋণমান যাচাইকারী আন্তর্জাতিক যেসব প্রতিষ্ঠান রয়েছে, তাদের মধ্যে মুডিস শীর্ষস্থানীয়। আরেকটি শীর্ষস্থানীয় ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠান হলো ফিচ রেটিংস। ফিচও বৃহস্পতিবার বাংলাদেশের শরিয়াহভিত্তিক ব্যাংক সম্পর্কে তাদের মূল্যায়ন প্রকাশ করেছে।

ফিচ রেটিংসের ওই প্রতিবেদনে বলা হয়, শরিয়াহ ব্যাংকগুলোর অতিরিক্ত তারল্য গত বছরের জুলাই থেকে গত জুন পর্যন্ত অর্থাৎ এক বছরে কমেছে ৯৮২ কোটি টাকা। অতিরিক্ত তারল্য কমার বিষয়ে বাংলাদেশ ব্যাংকেরও একই রকম তথ্য রয়েছে।
ফিচের প্রতিবেদনে বলা হয়েছে, শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর স্বল্পমেয়াদি তারল্যসংকটের চ্যালেঞ্জ হিসাব করা হয় লিকুইডিটি কভারেজ রেশিও বা এলসিআর কমে যাওয়ার হিসাব ধরে। ২০২২ সালের শেষ ছয় মাসে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর এলসিআর কমে দাঁড়ায় ৮৭ দশমিক ৭ শতাংশে। ২০২১ সালের শেষে এই হার ছিল ১৮৮ দশমিক ৮।

এদিকে মুডিস বলছে, ২০২২ সালে দেশের ১০টি ইসলামি ধারার ব্যাংক আইন অনুসারে তারল্য বজায় রাখতে পেরেছিল; কিন্তু ছয় মাস পর দেখা যাচ্ছে, ১০টির মধ্যে ৪টি ব্যাংক এ ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। ৬টি ব্যাংক বিধি অনুসারে তারল্য বজায় রাখতে পারলেও তাদের অতিরিক্ত তারল্যের পরিমাণ ছিল কম।

#তমহ/বিবি/১৭ ০৯ ২০২৩


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: রবি, সেপ্টেম্বর ১৭, ২০২৩ ৪:২২ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!